ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের কাছে আজ পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন : রয়টার্স

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
স্পিকারের কাছে আজ পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন : রয়টার্স
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করতে পারেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেবেন। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করে রয়টার্সকে বলেন, থাইল্যান্ড থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পরই রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন।

তবে পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কারণে সরকার রাষ্ট্রপতিকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেয়। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানানোর পর এ চাপ আরও বেড়ে যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগের পর শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় পদে আর কেউ থাকবেন না। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দলটির অনেক নেতাকর্মী কারাগারে আছেন অথবা আত্মগোপনে রয়েছেন।

রাষ্ট্রপতির পদটি মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক হলেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এর গুরুত্ব বেড়ে যায়। কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর নির্বাচিত রাষ্ট্রীয় পদে থাকা শীর্ষ ব্যক্তিদের মধ্যে মো. সাহাবুদ্দিনই ছিলেন সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রয়টার্স আরও জানায়, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের এক প্রতিবেদনে ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

৭৬ বছর বয়সি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের ভাষ্য, তিনি গত মঙ্গলবারই প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।


কমেন্ট বক্স