ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে অনেক আগেই অপসারণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আজহারুল ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতি ‘খুনি হাসিনার দোসর’ এবং ‘জুলাই-বিরোধী’। তাকে দ্রুত রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তার ভাষ্য, রাষ্ট্রপতি পদে তাকে বহাল রাখা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এর ফল দলটিকে ভবিষ্যতে ভোগ করতে হবে।

জুলাই গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারের আর কোনো গড়িমসি করার সুযোগ নেই। জনগণের রায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে এর রাজনৈতিক দায় সরকারকেই নিতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় সংসদের ভেতরে সাংবিধানিক উপায়ে এবং সংসদের বাইরে জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনপির সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরও বর্তমান সরকারের কর্মকাণ্ডে মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তার অভিযোগ, বিরোধী মত দমন, এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা এবং ফ্যাসিবাদী রাজনৈতিক আচরণের যে সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বিএনপিও ধীরে ধীরে একই পথে হাঁটছে।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স