প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছে। তবে সেই প্রচেষ্টা সফল হবে তখনই, যখন আজকের শিশুরা নিজেদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় তৈরি হবে। তাই আত্মগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
পরিবেশ রক্ষার বিষয়েও শিশুদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেখানে-সেখানে ময়লা বা প্লাস্টিক না ফেলা, অন্যদেরও তা থেকে বিরত রাখা এবং প্রয়োজন হলে নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া উচিত। পাশাপাশি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
পশুপাখির প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রতি মানবিক আচরণ করতে হবে। তাদের যত্ন নিতে না পারলেও কোনো ধরনের ক্ষতি যেন না করা হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নয়ন, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশু-কিশোরদের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী অনুরোধ জানান, শিশুদের অর্জন ও সম্ভাবনাকে সংবাদমাধ্যমে যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরতে, কারণ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।