ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

বিনোদন ডেস্ক
২ ঘন্টা আগে
আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতিপত্রের তোয়াক্কা না করে আতিফ আসলামের কনসার্টে হুট করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং বিদেশি শিল্পীদের ঝুঁকিতে ফেলার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা 'ইভেন্ট সাজাই' এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

শর্ত ভেঙে চরম বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আয়োজক সংস্থাটিকে কালো তালিকাভুক্তকরণসহ (ব্ল্যাকলিস্ট) প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। গত ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজধানীর খিলক্ষেতস্থ পূর্বাচল এক্সপ্রেসওয়ের 'ক্রিকেটার্স একাডেমি' ভেন্যুতে গত ২৪ জুলাই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্থাটিকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠানটি কোনো প্রকার পূর্বানুমোদন ছাড়াই স্বঘোষিতভাবে অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করে।

এতে আয়োজন ঘিরে ব্যাপক অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হয়, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বাড়ায়। অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে আগত বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে ন্যূনতম নাগরিক সুবিধার ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যা নিয়ে পরবর্তীতে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক নেতিবাচক সমালোচনা দেখা যায়।

চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স