ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাড়ির ছেড়ে নিজ বাড়িতে ফিরছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক
২ ঘন্টা আগে
ভাড়া বাড়ির ছেড়ে নিজ বাড়িতে ফিরছেন শাহরুখ!
শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রাসাদকেই নিজের মনের মতো করে সাজিয়েছেন বলিউডের বাদশা। বিশেষ কোনো দিন হোক কিংবা শাহরুখের জন্মদিন-মান্নাতের সামনে প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভক্তদের ঢল নামে। তবে সংস্কারকাজের কারণে গত দেড় বছর ধরে সেই চেনা দৃশ্য থেকে দূরে ছিলেন শাহরুখ।

এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সংস্কার শেষে খুব শিগগির সপরিবারে মান্নাতে ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মান্নাতের সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী দু-তিন মাসের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যেতে পারে।

মান্নাতকে ছয়তলা থেকে আটতলা করার পরিকল্পনা করেছিলেন শাহরুখ ও গৌরী। এজন্য প্রশাসনিক অনুমোদন পেতে বেশকিছু জটিলতার মুখে পড়তে হয় তাদের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর মান্নাতের সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু হয়।

সংস্কারকাজ চলাকালে স্ত্রী, সন্তান ও বোনকে নিয়ে পালি হিলসে একটি ভাড়া বাংলোয় উঠেছেন শাহরুখ। বাংলোটি অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির পরিবারের সম্পত্তি। তিন বছরের জন্য বাংলোটি ইজারা নিয়েছেন শাহরুখ। প্রতি মাসে এর জন্য প্রায় ১১ লাখ ৫৪ হাজার রুপি ভাড়া দিতে হচ্ছে তাকে। চুক্তি অনুযায়ী আগাম হিসাবে আরও ৩৬ লাখ রুপি দিতে হয়েছে।

তবে এবার সেই ভাড়া বাড়িতে থাকার দিন শেষ হতে চলেছে। সূত্রের দাবি, মান্নাতের নতুন দুই তলার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজও দ্রুত এগোচ্ছে। সবকিছু পরিকল্পনা মতো চললে দু-তিন মাসের মধ্যে পুরো সংস্কারকাজ শেষ হবে। এরপরই সপরিবারে মান্নাতে ফিরবেন শাহরুখ।

এ খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠছে, চলতি বছর কি নিজের সাধের মান্নাতেই সপরিবারে দিওয়ালি উদযাপন করবেন শাহরুখ? কারণ শাহরুখ ও গৌরীর দিওয়ালি পার্টি বলিউডে বেশ জনপ্রিয়। প্রতি বছর তাদের বাড়ির জমকালো আয়োজন ঘিরে তারকা মহলে ব্যাপক আগ্রহ থাকে। সংস্কারের কারণে গত দেড় বছর মান্নাতের বারান্দায়ও দেখা যায়নি শাহরুখের সেই পরিচিত উপস্থিতি।

১৯১৪ সালে নির্মিত মান্নাত মুম্বাইয়ের অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী স্থাপনা। স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে এই বাড়িতেই সংসার করছেন শাহরুখ। পরিবারের অন্যান্য সদস্যদেরও এই বাড়িতে থাকতে দেখা গেছে।

প্রায় আড়াই হাজার বর্গমিটার জায়গাজুড়ে থাকা এই সম্পত্তি একটি নিবন্ধিত চুক্তির মাধ্যমে শাহরুখ ও গৌরীর নামে রয়েছে। বলিউডে গুঞ্জন, মান্নাতের সম্প্রসারণ ও সংস্কারে প্রায় ২২৫ কোটি রুপি খরচ করছেন তারকা দম্পতি।

সবকিছু ঠিকঠাক এগোলে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপর ভাড়া বাড়ি ছেড়ে নিজের স্বপ্নের ঠিকানা মান্নাতে ফিরবেন শাহরুখ খান। আর ভক্তদের জন্যও ফিরবে মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে তাদের প্রিয় ‘বাদশা’কে দেখার সেই চেনা মুহূর্ত।


কমেন্ট বক্স