ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমস্যা শুনে জবাব দিতে জনগণের মুখোমুখি হচ্ছেন ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
সমস্যা শুনে জবাব দিতে জনগণের মুখোমুখি হচ্ছেন ববি হাজ্জাজ
জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি শুনে জবাব দিতে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

‘সমস্যা বলুন, জবাব নিন’ শীর্ষক এ আয়োজনে আগামী ২৯ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে চতুর্থ টাউন হল সভা। 

টাউন হল সভা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়। নিয়মিত জবাবদিহি করা এবং তাদের সমস্যা সমাধানে পাশে থাকাই জনপ্রতিনিধিত্বের মূল দায়িত্ব। টাউন হল সভার মাধ্যমে সরাসরি নাগরিকদের কথা শুনে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, কোনো সমস্যা শুধু শুনে রাখাই এ আয়োজনের উদ্দেশ্য নয়। সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে সমস্যার বাস্তবসম্মত ও দ্রুত সমাধানের পথ বের করাই লক্ষ্য। জনগণের অংশগ্রহণ ছাড়া একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়।

ববি হাজ্জাজ আরও বলেন, জবাবদিহিতা কোনো একদিনের বিষয় নয়। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের কথা শোনা এবং সমস্যার সমাধানের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এই টাউন হল সভা সেই ধারাবাহিকতারই অংশ।

সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

নাগরিক সমস্যার দ্রুত সমাধান ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।


কমেন্ট বক্স