ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা

৪ ঘন্টা আগে
‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা বিশেষ ‘পিংক বাসে’ ভ্রমণ করেছেন জাতীয় সংসদের নারী সংসদ সদস্যরা।

রবিবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। ঢাকার রাজপথে নারীর জন্য বিশেষ পিংকবাস। নারী সংসদ সদস্যদের পিংকবাসে ভ্রমণ।’সিটি ও লোকাল ট্যুর গাইড এক্সপ্লোর করা

তবে নারী সংসদ সদস্যরা রাজধানীর কোন স্থান থেকে কোন গন্তব্যে পিংক বাসে যাতায়াত করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস গত ১৮ আগস্ট চালু করে বিআরটিসি। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে প্রাথমিকভাবে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব বাস চলাচলের কথা রয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টরও নারী।সিটি ও লোকাল ট্যুর গাইড এক্সপ্লোর করা

ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে গোলাপি বাস চালুর উদ্যোগ রয়েছে। নারী যাত্রীদের জন্য নির্ধারিত এই পরিবহন ব্যবস্থা রাজধানী ও আশপাশের এলাকার আবাসিক এলাকা, কর্মস্থল এবং গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ সহজ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ঢাকার পিংক বাসের নির্ধারিত রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার-কোকাকোলা থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর-১০ থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর-১২ থেকে মতিঝিল, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, মোহাম্মদপুর থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর থেকে মতিঝিল এবং গাজীপুর থেকে বিমানবন্দর।

এসব রুটে নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, মিরপুর, ফার্মগেট, শাহবাগ, কমলাপুর, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, বিমানবন্দরসহ রাজধানী ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাস থামার ব্যবস্থা রাখা হয়েছে।

নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের নতুন সুযোগও তৈরি হয়েছে।


কমেন্ট বক্স