ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
৫৯ মিনিট আগে
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলে তিন দিনের সফরের প্রথম দিনে নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে তিস্তা ব্যারাজে যান তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট ও সেচ প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন—ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও তার সহধর্মিণী তামান্না ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মার্কিন রাষ্ট্রদূত। সকাল ১০টার দিকে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। পরে সেখান থেকে তিস্তা ব্যারাজ এলাকায় যান।

তিস্তা ব্যারাজের নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তারা তিস্তা ব্যারাজে দাঁড়িয়ে ছবি তোলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে তিস্তার নির্মল পরিবেশ উপভোগ করেন। পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেন তারা, যেখানে ইএসডিও গেস্ট হাউসে তাদের রাতযাপনের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী পরিদর্শন, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, পঞ্চগড় সদর হাসপাতাল ও সার্কিট হাউসে সুধী সমাবেশে অংশ নেওয়ার পর রকস মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে ঠাকুরগাঁওয়ের ইএসডিও গেস্ট হাউসে তার রাতযাপনের কথা রয়েছে।

আর তৃতীয় ও শেষ দিন মঙ্গলবার হরিণমারী সীমান্তের সূর্যপুরী আমগাছ, কান্তজির মন্দির, নয়াবাদ মসজিদ, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা), সৈয়দপুর রেলওয়ে কারখানা, জাদুঘর, চিনি মসজিদ ও খ্রিষ্টান চার্চ পরিদর্শন শেষে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নীলফামারীতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। তার সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


কমেন্ট বক্স