‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি জানানো হলেও সেটি বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’
তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্বও কমিটিতে রাখা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল কমিটিতে যোগ দিলে তাদের বক্তব্য ও প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ করা হবে। বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি সংবিধান সংশোধিত না হয়, জুলাই জাতীয় সনদ তো বাস্তবায়িত হলো না। হওয়ার পরে হবে। আমরা কাজ শুরু করেছি, সেই কমিটি গঠিত হয়েছে।’
তিনি জানান, তার সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের মতামত নেওয়া হবে।
এসব মতামতের ভিত্তিতে কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা সেটা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত রিপোর্ট, বক্তব্য সেই রিপোর্টে থাকবে। আপনাদের বক্তব্য জাতি জানবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা দ্বিমত হবেন, ভিন্নমত হবেন এবং কিছু কিছু প্রস্তাবে অবশ্যই একমত হবেন। আমরা তো আরও কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করব এই সংবিধানে।’
তার ভাষ্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে নতুন প্রস্তাব এলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল।
তিনি দাবি করেন, ওই সময় বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিরোধী দল তখন সেই প্রস্তাব গ্রহণ করেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের উদারতা এবং আমাদের উইলিংনেস জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের আগে থেকেই ব্যক্ত করেছি।’
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে তা কার্যকর করতে সংবিধান সংশোধন প্রয়োজন।
বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের সকল দাবি মানতে হবে, তারপরও আমরা আপনাদের এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবো না—এটা সহযোগিতা হলো না। আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন।’
তিনি বলেন, বিরোধী দল যখনই কমিটিতে অংশ নেবে, তাদের স্বাগত জানানো হবে। তাদের মতামত ও প্রস্তাব সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।
পরবর্তী সময়ে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কমেন্ট বক্স