ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে ৩ শতাংশের বেশি বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
১ ঘন্টা আগে
বিশ্ববাজারে ৩ শতাংশের বেশি বাড়লো তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাড়ে ৩ শতাংশের বেশি বেড়েছে। গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার (৩১ আগস্ট) তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বিকেল পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৫ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৯৬ ডলার বা ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

রোববার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায়। জুলাইয়ের শেষের পর দেশটিতে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত হামলা।

এর জবাবে ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়া এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক হামলা এবং তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটার আশঙ্কাই তেলের দাম বাড়িয়েছে। এখন বাজারের নজর থাকবে পরিস্থিতি উত্তেজনা কমার দিকে যায় কি না, তার ওপর।


এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ ‘ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে’। তবে দ্বীপটিতে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওও ছিল। পরে ইরান খার্গ দ্বীপে কোনো হামলার কথা অস্বীকার করে জানায়, সেখানে তেল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তাই এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হতে পারে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে দৃশ্যমান পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে। হামলার আশঙ্কায় জাহাজ পরিচালনাকারীদের মধ্যে সতর্কতা বাড়ার বিষয়টি এতে স্পষ্ট হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালিতে প্রবেশের সময় একটি ট্যাংকার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে নতুন করে ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে। এর ফলে তেলবাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

তবে সোমবার দাম বাড়লেও আগস্ট মাসের হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলই সামান্য দরপতনের পথে রয়েছে। গত সপ্তাহে উভয় ধরনের তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছিল, যা তিন সপ্তাহের মধ্যে প্রথম সাপ্তাহিক দরপতন।

অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে সম্প্রতি হওয়া একটি চুক্তির আওতায় পাওয়া তেল যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) পুনরায় পূরণে ব্যবহার করা হবে। বর্তমানে দেশটির এই রিজার্ভ প্রায় ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। সূত্র: রয়টার্স


কমেন্ট বক্স