ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
১৭ ঘন্টা আগে
বিপিএল বন্ধের সিদ্ধান্ত জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
বিপিএল নিয়ে গত কয়েক বছর ধরেই নানা সমালোচনা ও নেতিবাচক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের আসর থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ রেখে নতুন কাঠামোয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের ভবিষ্যৎ কাঠামো নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ ছাড়া ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। বিসিবির সিদ্ধান্তে ক্রিকেটাররাও সম্মতি জানিয়েছেন। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। 

তবে বিপিএলের পরবর্তী আসর না হওয়ার বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’

বিপিএল বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন, বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট যেন ধারাবাহিকভাবে আয়োজন করা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। খেলাধুলার বড় আয়োজনগুলো নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সরকার নজরদারি রাখবে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স