চব্বিশের গণআন্দোলনের জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।
তিনি কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীর নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগের কমী হিসেবে পরিচয় দিয়ে ‘আমরা ভেনিস ছাত্রলীগ’ বলে ঔদ্ধত্ত প্রকাশ করে। তারা অভিনেত্রী বাঁধনকে অকথ্য ভাষায় মা-বাবা তুলে গালমন্দ করে এবং ‘জুলাই জঙ্গী’ ‘দেশদ্রোহী’ বলে হেনস্তা করার সময় তার ভাইয়ের শিশুসন্তান আতঙ্কে চিৎকার করে কাঁদতে থাকে। শিশু বাচ্ছা আতঙ্কিত ও ভীত হচ্ছে বলে পাশে থেকে একজন সতর্ক করলেও হামলাকারী ‘বাচ্ছা, কিসের বাচ্ছা’ বলে হেনস্তা থেকে নিবৃত না হয়ে উল্টো আগ্রাসী হয়ে ওঠে। তার ভাবীকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। তার ফোন ছুঁড়ে ফেলে দেয়া হয়। হামলাকারীরা অভিনেত্রীকে জয়বাংলা বলতে চাপ প্রয়োগ করে। তিনি হেনস্তার শিকার হয়ে ফিরে যাওয়ার সময় হামলাকারীদের উদ্দেশে বলেন, ‘ভাই, ভালো থাকবেন আপনারা’।
বাঁধন জানান, নিরাপত্তার জন্য এখন তার সঙ্গে পুলিশ রয়েছে। তিনি প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছেন। ৮ সেপ্টেম্বর তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগে মামলা করবেন তিনি। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন এ অভিনেত্রী।
অভিনেত্রী বাঁধন নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। তাতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে।
তিনি জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা এবং মোবাইল ফোন ছুড়ে ফেলার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। তার ভাবীকে হামলাকারীরা ধাক্কা মারে।
বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন।
হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায়। বার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’
বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
বাঁধন আরও বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন। আশা করি, আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’
সূত্র: বাঁধনের ফেসবুক পোস্ট , মামলার ঘোষণা