ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ হলুদ কার্ডের পরেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক
১ ঘন্টা আগে
৫ হলুদ কার্ডের পরেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি
লিওনেল মেসি কি তাহলে নিয়মের ঊর্ধ্বে? এই প্রশ্ন করতেই হচ্ছে,মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখেও ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন লিওনেল মেসি। রবিবার (১ নভেম্বর) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই আর্জেন্টাইন তারকার মাঠে নামতে কোনো বাধা নেই।

বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। তাতে মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়ায় পাঁচে। এর আগে অষ্টম, একাদশ, ২০তম, ৩১তম ও ৩৩তম ম্যাচ সপ্তাহেও হলুদ কার্ড দেখেছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক।

তবে, মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, টানা পাঁচ ম্যাচে হলুদ বা লাল কার্ড না দেখলে এবং কোনো অতিরিক্ত শাস্তি না পেলে একজন খেলোয়াড়ের হলুদ কার্ডের হিসাবে একটি কার্ড কমে যায়। নিয়মটির নাম ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’। নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়া যায়।

টানা পাঁচ ম্যাচ কার্ড না দেখায় মেসির আগের একটি হলুদ কার্ড বাদ পড়েছে সাসপেনশনের হিসাব থেকে। শৃঙ্খলাজনিত রেকর্ডে কার্ডটি থাকলেও নিষেধাজ্ঞার কারণ হিসেবে সেটি আর গণনা করা হবে না। ফলে, নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

সিনসিনাটির সঙ্গে ড্রয়ের পর ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান গনসালেস জানিয়েছেন, নিয়মিত মৌসুমে পয়েন্ট হারানোর সুযোগ তাদের আর নেই। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ।

গনসালেস বলেন, “আমি নিশ্চিত, আগের ম্যাচের পরের মতো এবারও আমরা যে হতাশা অনুভব করছি, তা আমাদের আরও শক্তিশালী করে তুলতে হবে। কারণ, ভুল করার আর কোনো সুযোগ নেই। আমাদের বুঝতে হবে, আমরা এমন একটি ক্লাব, যাদের আরও ভালো খেলতে হবে, ঝুঁকি নিতে হবে, সাহসী হতে হবে এবং ভুল করার ভয় ছাড়াই ফুটবল খেলতে হবে।”

ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা। দুই দলই ২০২৬ এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে। তবে, আগামী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা পাওয়ার দৌড়ে রোববারের ম্যাচটি মায়ামির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।


কমেন্ট বক্স