ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট রয়েছেন।
উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহত পাঁচ যাত্রীর সবাই বেঙ্গালুরুর বাসিন্দা। তারা হলেন অরুণ সালুনকে, এইচ এস নাগরাজা, প্রতাপ বাচিহাল্লি নিঙ্গারাজন, সুধীর কে এবং শঙ্করগৌড়া ভিবি। পাইলটের নাম ক্যাপ্টেন হিমাংশু সাবারওয়াল।
হেলিকপ্টারটি জোশিমঠের কাছের ছাইয়ে গ্রামসংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় বন্ধ হয়ে যায় এর ট্র্যাকিং ব্যবস্থাও। ফলে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউকাডা) জানিয়েছে, হেলিকপ্টারটির মালিক ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড। ভিটি-এইচসিএক্স কল সাইনের হেলিকপ্টারটি বদরীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল। দুপুর ১টা ১৪ মিনিটে এটি উড্ডয়ন করে।
জোশিমঠ প্রশাসনের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটির সর্বশেষ অবস্থান ছিল ছাইয়ে গ্রামের ওপরের দিকে একটি সেনা ক্যাম্পের কাছে। পরে জেলা প্রশাসন জানায়, জেপি পাওয়ার হাউসের কাছে পাহাড়ের ঢালে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।
কর্মকর্তারা জানান, জোশিমঠের মহকুমা প্রশাসকের কাছ থেকে দুপুর ২টা ২১ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এরপর ভারতীয় সেনাবাহিনী, চামোলি জেলা প্রশাসন ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যদের উদ্ধার অভিযানে পাঠানো হয়। পাশাপাশি আকাশপথে তল্লাশির জন্য আরেকটি হেলিকপ্টার পাঠায় জেলা প্রশাসন।
নিহতদের একজন অরুণ সালুনকে বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) পরিদর্শক ছিলেন। কয়েকজন বন্ধুর সঙ্গে কেদারনাথ ও বদরীনাথ তীর্থযাত্রায় গিয়েছিলেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।