ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব সেলিম

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব সেলিম
কানাডার টরন্টোতে মঞ্চে নাটকে অভিনয় করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।

স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে ‘প্রাচ্য প্রতিচ্য' -এর প্রযোজনায় ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

ঘটনার সময় মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল। মঞ্চে অভিনয়রত অবস্থায় প্রিয় শিল্পীর আকস্মিক অসুস্থতার খবরে দর্শকদের মধ্যে উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর টরন্টোসহ কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

সেলিমের সহধর্মিণী লাভলী বেগম তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও প্রিয় এই নাট্যব্যক্তিত্বের সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা করছেন।

মাহমুদুল ইসলাম সেলিম বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি বাংলাদেশের নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কানাডায় প্রবাস জীবনেও তিনি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন। তার অভিনয় ও নির্দেশনায় প্রবাসের মঞ্চে বাংলা নাটক নতুন মাত্রা পেয়েছে।

টরন্টোতে বাংলা নাট্যচর্চার সঙ্গে যুক্ত শিল্পী ও সংস্কৃতিকর্মীদের কাছে তার অসুস্থতার খবর গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সহকর্মী, দর্শক ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্থতা কামনা করছেন।





কমেন্ট বক্স