শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা নিরসনে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, সরকার এটি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রমমন্ত্রী জানান, পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি শ্রমিক অসন্তোষের পেছনের কারণগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন শিল্পাঞ্চলের নিরাপত্তা ও জনজীবনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়েও সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে এরই মধ্যে গঠন করা হয়েছে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড। দ্রুত বোর্ডের সভা করে মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে সরকারের।