ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে বিদেশি পিস্তলসহ টিপু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ঘন্টা আগে
গৌরীপুরে বিদেশি পিস্তলসহ টিপু গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার  আসাদুজ্জামান টিপু একই উপজেলার রামগোপালপুরের আশরাফুল হকের ছেলে।

এর আগে, শনিবার রাত ১১টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে টিপুকে আটক করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক যুবকের পরিহিত প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি বিদেশি পিস্তল বের করে জব্দ করা হয়। অস্ত্রটি ম্যাগাজিনবিহীন ছিল। পিস্তলটির গায়ে বিভিন্ন তথ্য খোদাই করা রয়েছে। পিস্তলটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি।

এ বিষয়ে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, জব্দ করা অস্ত্রের পক্ষে কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি আসাদুজ্জামান টিপু। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





কমেন্ট বক্স