ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন হামলার জন্য ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ

আন্তর্জাতিক ডেস্ক
৩ ঘন্টা আগে
ইরানে নতুন হামলার জন্য ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। এদিকে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান দ্রুত পুনরায় শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই যেন নতুন করে সামরিক অভিযান শুরু হয়, সে বিষয়ে আগ্রহী তিনি। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার এক ফোনালাপে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর আহ্বান জানান নেতানিয়াহু। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে গত বছরও দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। এসব সংঘাতের প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়।

মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা গত সপ্তাহান্তে সতর্ক করে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতগুলোর চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে।

পরিস্থিতি সম্পর্কে অবগত একজন ব্যক্তি বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের জন্য শেষবারের মতো একটি সুযোগ দিতে চায়। কিন্তু নেতানিয়াহু সরকার কোনো চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়; বরং তারা ইরান সংকটের সামরিক সমাধান চায়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাও দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করতে চান, তবে ট্রাম্প এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ফোনালাপের বিস্তারিত তথ্য প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগেও ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানোর পাশাপাশি সামরিক পদক্ষেপ নিয়েছিল।

যুদ্ধের আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি করতে উদ্যোগী হয়েছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে কাতার।

প্রস্তাবটির ভিত্তি হলো গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপিত ইরানের সাত দিনের পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ।

এ লক্ষ্যে সপ্তাহান্তে দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি কর্মকর্তারা। এর আগে শুক্রবার কাতারের একটি আলোচক দল তেহরানে এক দিনব্যাপী বৈঠক করে।





কমেন্ট বক্স