ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা তরুণী নিখোঁজ

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা তরুণী  নিখোঁজ
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসায় নিহতের সঙ্গে থাকা তরুণী নিখোঁজ রয়েছেন। 

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ থেকে শাহীনের মরদেহ উদ্ধার হয়। শাহীন একই ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, প্রায় পাঁচ মাস আগে শাহীন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর হোসেন ফোন করে তাকে হত্যার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান তিনি। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

আজাহার হোসেন জানান, রাতে পুলিশ এসে দরজার তালা ভেঙে ঘরের খাটের ওপর শাহীনের মরদেহ দেখতে পায়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। শক্ত জিআই তার পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরে তালা দিয়ে চলে যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, “মরদেহ উদ্ধারের সময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর হত্যাকারীরা পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর থেকে ওই তরুণীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





কমেন্ট বক্স