ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩ ঘন্টা আগে
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিনই ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে চালানো এই হামলায় হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপটি কেঁপে ওঠে।

এমন এক সময়ে এই হামলার খবর এলো, যখন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে অনেকটা খাটো করে দেখানোর চেষ্টা করছেন। একদিন আগেই তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরেই মার্কিন বাহিনী গোপনে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে আসছে। সর্বশেষ কেশম দ্বীপে হামলা সেই ধারাবাহিকতারই অংশ।  

মার্কিন কর্মকর্তা এই হামলাকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাদের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি বা জাহাজে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান চালানো হচ্ছে।

হরমুজ প্রণালি হলো তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ, যা যুদ্ধের শুরু অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই মূলত অবরুদ্ধ রয়েছে।

ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার ভোরে কেশম দ্বীপে পরপর পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু বাসিন্দা আকাশে দুটি বিমান উড়তেও দেখেছেন।

হতাহত বা ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যম দুটি। মূলত হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘হতেও পারে’।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, বড় ধরনের কোনো সামরিক অভিযান পুনরায় শুরু করার কোনো উদ্দেশ্য রয়েছে- এমন বার্তা যেন না যায়, সেজন্য যুক্তরাষ্ট্র এই হামলাগুলো প্রকাশ্যে ঘোষণা করেনি।

তথ্যসূত্র: ফ্রান্স২৪





কমেন্ট বক্স