ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিকসহ আহত ২০

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
সাভারে  শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিকসহ আহত ২০
সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ও পদ্মার মোড় ঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং তিন সাংবাদিক আহত হয়েছেন ।

এর আগে, সকালে শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই হেমায়েতপুর ও ঋষিপাড়া এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা জড়ো হয়ে আগুন জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

সাভার মডেল থানার ওসি তদন্ত মো. মোশাররফ হোসেন বলেন, সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে আহত হন। তাদের দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এছাড়া পদ্মার মোড় এলাকায় ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।





কমেন্ট বক্স