ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রাজধানীর রাজপথে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৭ নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। আর এই কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে নিজেই পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নিয়ে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এ কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, ৭ নভেম্বরের কর্মসূচিতে ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, ৭ নভেম্বরের শোভাযাত্রাকে ঘিরে নেতাকর্মীদের সতর্ক, দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে বর্ণাঢ্য এই আয়োজন সফল করাই এখন বিএনপির লক্ষ্য।





কমেন্ট বক্স