ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
৫ ঘন্টা আগে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেছেন ইব্রাহিম।

জাতীয় স্টেডিয়ামে এদিন ম্যাচের ৬৮ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ভুটানের বক্সে ক্রস থেকে শমিত সোমের হেডে বল ওপরে উঠে যায়। গোলমুখের সামনে বল পেয়ে পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এ আসরে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের ক্রস বক্সে বিশ্বনাথ ঘোষের দিকে গেলেও ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার জোরালো শটও আটকে যায় ভুটান রক্ষণে।

১৮ মিনিটে রাকিবের ক্রসে দূরের পোস্টে হেড করেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে। ২৫ মিনিটে প্রায় ফাঁকা জায়গা থেকে আরেকটি সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ৩৯ মিনিটে ভুটান গোলকিপারকে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন বিশ্বনাথ।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি বাংলাদেশ। ৪৪ মিনিটে জামালের ফ্রি-কিক থেকে শমিত সোম হেডে বল পেছনে পাঠান। গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন বলের নাগাল না পাওয়ায় আরও একটি সুযোগ নষ্ট হয়।

বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিমের বদলে ফাহামিদুল ইসলামকে নামান বাংলাদেশ কোচ টমাস ডুলি। দ্বিতীয়ার্ধের শুরুতেও ক্রসনির্ভর আক্রমণে ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। তবে জমাট রক্ষণে গোলের সুযোগ তৈরি করা কঠিন করে রেখেছিল ভুটান।বাংলাদেশ বিনিয়োগ

পরে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান কোচ। মাঠে নেমেই দলকে এগিয়ে দেন ইব্রাহিম। শেষদিকে কাজেম শাহ ও জায়ান আহমেদের বদলে মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়াকে নামানো হয়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা পাঁচ মিনিটেও গোলের ব্যবধান ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল দলটি।

ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পাওয়ায় শুরুর একাদশে ছিলেন না তপু বর্মণ। তার জায়গায় খেলেন কাজেম শাহ। অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন জামাল ভূঁইয়া।





কমেন্ট বক্স