ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
নড়াইলের লোহাগড়ায় মাদক সেবনের টাকার জেরে ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে।

নিহত আফসার শেখ (৭০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (৩০) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, খায়রুল দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত, তেমন কোন কাজও করে না। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগে ছিলো, এক পর্যায়ে কিছুদিন আগে আফসার শেখ ছেলেকে বাড়ি থেকে বের করে দিলে সে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় বাসা ভাড়া নেয়। এভাবে কিছুদিন থাকার পর টাকা শেষ হয়ে যাওয়ায় দুই/তিন দিন পূর্বে গ্রামের বাড়ি ফিরে এসে আবারো অশান্তি শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে টাকা চায় খায়রুল। পরে বাবা আফসার শেখ টাকা দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে খায়রুল পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আফসার শেখ মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মাদকাসক্ত খায়রুল বঁটি দিয়ে কুপিয়ে তার বাবা আফসার শেখকে হত্যা করেছে মর্মে নিশ্চিত হওয়া গেছে, খায়রুলকে আটকের চেষ্টার পাশাপাশি অধিকতর তদন্ত অব্যাহত আছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





কমেন্ট বক্স