ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি না করার প্রতিশ্রুতি ভুলে আবারও চুরিতে ধরা মেম্বার

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
চুরি না করার প্রতিশ্রুতি ভুলে আবারও চুরিতে ধরা মেম্বার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রনজু মিয়া (৪৫) ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। পুলিশে সোপর্দের পর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি জানান, গ্রেপ্তার রনজু মিয়াকে বুধবার আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় ব্যাটারি চুরির সময় স্থানীয় জনতা রনজু মিয়াকে হাতেনাতে আটক করে।

আটক রনজু মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রনজুর বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এসব কারণে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর আগেও রনজু চুরি করতে গিয়ে একাধিকবার জনতার হাতে আটক হন। এরপর তাকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।

অটোরিকশাচালক আশরাফুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়ির ভিতরে তার অটোরিকশার কাছে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু বাড়ির আঙিনায় লাগানো লাউ ও কুমড়ো গাছের বেড়ার জালে তিনি জড়িয়ে পড়ে আটকে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন।

ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল জানান, রনজু মিয়া ইউপি সদস্য নির্বাচিত হলে আর চুরি করবেন না- এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে এলাকাবাসী তাকে গত ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করেন। কিন্তু ভালো হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাদ দিতে পারেনি পুরাতন অভ্যাস।





কমেন্ট বক্স