ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার মহাসম্মেলনে যোগ দিতে ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
মাদ্রাসার মহাসম্মেলনে যোগ দিতে ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এবং ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রাম যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ এই মাদ্রাসার মাঠে আদায় করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর তিনি প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সূত্র জানায়, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যোগ দেওয়ার কথা রয়েছে- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।

এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা এই মহাসম্মেলনে অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসার প্রাঙ্গণে এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।





কমেন্ট বক্স