ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও বিদ্বেষমূলক পোস্টার

অনলাইন ডেস্ক
৫৮ মিনিট আগে
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও বিদ্বেষমূলক পোস্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। তবে কে বা কারা সেই দেয়ালচিত্রের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। একই দেওয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব প্রতিকৃতির মধ্যে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। তবে শুক্রবার সকালে স্থানীয়রা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালি ও রবীন্দ্রবিরোধী কয়েকটি পোস্টার দেখতে পান।

এ ঘটনায় খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, মুক্তচিন্তা, শিল্পকলা ও বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভের ওপর এমন বিদ্বেষমূলক আক্রমণ নিন্দনীয়। রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হোক না কেন, সর্বজনশ্রদ্ধেয় কবিকে এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকেও এ নিয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।”





কমেন্ট বক্স