বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের নতুন তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ চায়। যখন সময়ের প্রয়োজন হলে আমরা রাজপথে নেমে পড়বো। ফ্যাসিস্ট শেখ হাসিনার মত যেকোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করবো। প্রয়োজনে আবারও ২৪ এর মতো গণঅভ্যুত্থান ঘটাবো।
মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে ইসদাইর পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। সমন্বয়ক সারজিস আলম বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তিনি বলেন, অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্ট, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজি করছে। ছাত্র-জনতা এসব অপকর্ম সমর্থন করে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও এসব চাঁদাবাজি হয়েছে। ১৬ বছর পর যদি মানুষ অন্য কোনো রূপে এসব করে তাহলে সেটা গণঅভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দেবে। আমরা কারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবো না।
তিনি আরও বলেন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে আপনি নিজেই স্বাবলম্বী হবেন। কোনো ভাইয়ের ওপর না। আমরা আন্দোলনকারী, সমন্বয়ক বলতে হবে। বলবেন প্রত্যেকেই সমন্বয়ক। আজ আমরা আমাদের বোনেরা না থাকলে এ আন্দোলন সফল হতো না। সুতরাং আপনারা প্রত্যেকেই নিজেদের জায়গায় সমন্বয়কারী।
শ্যামলী সুলতানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেরাব সিফাত, শাহীন মিয়া, সামিয়া মাসুদ মম, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আসিফ আদনান, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
কমেন্ট বক্স