ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ দুইজনের মৃত্যু
গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাপাসিয়া উপজেলার চরমার্তা এলাকায় স্কুল শিক্ষিকা এবং গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় অপর এক ব্যক্তি নিহত হন ।

নিহত ব্যক্তিরা হলেন—কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা বেগম (৪৮)।  তিনি উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী।  এছাড়া অপর নিহত হারুন অর রশিদ (৪৫) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার বাসিন্দা। তিনি গাছা থানার শরীফপুর হারিকেন এলাকায় রত্না বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সিদ্দিকা বেগম তার স্বামীর মোটরসাইকেলে করে স্কুল যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিদ্দিকা বেগমকে মৃত ঘোষণা করেন। সিদ্দিকার আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে,  সকালে ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি হারুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় হারুন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় ডাম্প ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স